রাড্ডা ক্লিনিক হামলায় পুলিশের গাফিলতির প্রমাণ, ওসি প্রত্যাহার
অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশের ভূমিকা নিয়ে প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে এসেছে। এ কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘটনাটি সরেজমিনে পর্যালোচনার জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানান মন্ত্রী। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে নয়জনকে গ্রেপ্তার করেছে এবং বিভিন্ন মালামাল ও আলামত উদ্ধার করেছে। ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্বে অবহেলা বা অপরাধে সম্পৃক্ততার অভিযোগ থাকলে শুধু বদলি করেই বিষয়টি শেষ করা হবে না। কোনো কর্মকর্তা ফৌজদারি অপরাধে জড়িত থাকলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলাতেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
রাজধানীর জাসদ কার্যালয়ে পুলিশের সাম্প্রতিক অভিযান প্রসঙ্গে মন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছিল। প্রাথমিকভাবে আটক প্রায় ২৮০ জনের অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ২৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় নাশকতার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গও ব্রিফিংয়ে উঠে আসে। মন্ত্রী জানান, ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে নিউ গিনি প্রপার্টিজ ও একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার মধ্যে বিরোধ রয়েছে। ওই জমি দখলকে কেন্দ্র করে রাতে এক পক্ষ সেখানে গেলে সালমানের টিনশেড স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে।
৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং গুলির খোসাসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে বলে জানান তিনি।
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভুক্তভোগী নিজেই জানিয়েছেন যে তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া কারও বিরুদ্ধে ঢালাও অভিযোগের আইনগত ভিত্তি নেই। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে পুলিশ বিষয়টি তদন্ত করবে বলে জানান তিনি।











