সরকারের নাম ব্যবহার করে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন
অনলাইন ডেস্ক : সরকারের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না এবং আইন নিজস্ব গতিতেই চলবে।
রোববার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন মাহদী আমিন। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে মিরপুরের রাড্ডা ক্লিনিক এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, কেউ সরকারের কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম ব্যবহার করে অপরাধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরের মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনা ও বিভিন্ন স্বার্থ বিশ্বমঞ্চে তুলে ধরা হয়েছে। জাতিসংঘে দেওয়া ভাষণে কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা উঠে এসেছে। একই সঙ্গে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে।
বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ কেনার চুক্তি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, কোনো ধরনের চাপের কারণে নয়, বরং দুই দেশের পারস্পরিক স্বার্থ বিবেচনায় নিয়ে চুক্তিটি করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। পরে রাত ২টায় এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা হন।
পাঁচ দিনের নিউইয়র্ক সফরে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন।











