যুক্তরাষ্ট্রে নরইস্টারে জনজীবন বিপর্যস্ত, জরুরি অবস্থা
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কারণে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ঝড়ে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টিপাত ও বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি সড়ক ও বিমান যোগাযোগেও বিঘ্ন ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, নিউইয়র্ক সিটি ও বোস্টনসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় শনিবার বিপজ্জনক উপকূলীয় প্লাবন, ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়েছে। ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এমন আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
নিউ জার্সির উপকূলীয় কয়েকটি এলাকায় ইতোমধ্যে জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। সার্ফ সিটি ও মানাসকোয়ানের মতো এলাকায় রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। পূর্ণিমার কারণে উপকূলীয় জলোচ্ছ্বাস আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে এনডব্লিউএস। এতে নিচু এলাকায় পানি ঢুকে সড়ক, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
নিউ জার্সির গভর্নর মিকি শেরিল বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কেও ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইল বেগে বাতাস বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। এতে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার ঝুঁকি রয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বন্যার পানির মধ্যে দিয়ে গাড়ি চালানো বা হাঁটাচলা না করতে সতর্ক করেছেন তিনি।
ঝড়ের প্রভাবে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় এক লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।
বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন থেকে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত এবং প্রায় ১ হাজার ২০০ ফ্লাইট বাতিল হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল বা স্থগিত করা হয়েছে। বোস্টনে এড শিরানের নির্ধারিত কনসার্ট নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে। একইভাবে বোস্টন রেড সক্স ও শিকাগো কাবসের ম্যাচের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
এ ছাড়া নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ বাতিল করা হয়েছে। ওই অনুষ্ঠানে লরিন হিল, ওয়াইক্লেফ জিন ও জন লেজেন্ডের মতো শিল্পীদের পরিবেশনের কথা ছিল।











