হাসান-খালেদের কেন্ট ফিরছে কাউন্টির শীর্ষ বিভাগে
অনলাইন ডেস্ক : বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদের দল কেন্ট এক মৌসুম পরই কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে ফেরার সুযোগ নিশ্চিত করেছে। শনিবার লর্ডসে মিডলসেক্সের কাছে নর্দাম্পটনশায়ারের ৭ উইকেটের হার কেন্টের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে।
এর ফলে দ্বিতীয় বিভাগ থেকে আবারও কাউন্টির সর্বোচ্চ স্তরে উঠেছে ক্যান্টারবারিভিত্তিক দলটি। গত মৌসুমে প্রথম বিভাগ থেকে অবনমন হওয়ার পর এবার দ্বিতীয় বিভাগে নেমে দারুণ পারফরম্যান্স দেখিয়ে এক বছরেই ঘুরে দাঁড়াল কেন্ট।
দলের এই সাফল্যে অবদান রেখেছেন বাংলাদেশের দুই পেসারও। চলতি মৌসুমে হাসান মাহমুদ ২৬টি উইকেট নিয়েছেন। অন্যদিকে খালেদ আহমেদের শিকার ১৬ উইকেট।
এক মৌসুম দ্বিতীয় বিভাগে কাটানোর পর ২০২৭ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম বিভাগে খেলবে কেন্ট। এর মাধ্যমে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের শীর্ষ সারির দলগুলোর বিপক্ষে আবারও মাঠে নামার সুযোগ পাচ্ছে দলটি











