মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া, ওসি প্রত্যাহার
অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
প্রত্যাহারের পর জাহাঙ্গীর আলমকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর বিকেলে তাকে নতুন কর্মস্থলে সংযুক্ত করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে এ আদেশ কার্যকর হবে।
পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১২টার দিকে মুখোশধারী ২০০ থেকে ২৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায়। তারা নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ও জিম্মি করে কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলে। পরে ধ্বংসস্তূপের ওপর ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।
স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার অভিযোগ করেন, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, গুরুত্বপূর্ণ রেজিস্টার, নগদ ১১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিন নিয়ে গেছে। এ ছাড়া জেনারেটর, ফ্রিজ, এসি, সিসিটিভি, ফাইল কেবিনেট, ল্যাবরেটরি সরঞ্জাম, কম্পিউটার ও ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী লুট করা হয়। এতে যন্ত্রপাতি ও মালামাল মিলিয়ে ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকার বেশি বলে দাবি করা হয়েছে।
হামলার সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তারা। ঘটনার পর ভবন না থাকায় ত্রিপল টানিয়ে খোলা আকাশের নিচে প্রসূতি নারী ও শিশুদের টিকাদানসহ জরুরি স্বাস্থ্যসেবা চালু রাখা হয়েছে।
এ ঘটনায় পরদিন শাহ আলী থানায় মামলা করেন নাসরিন আখতার। মামলায় হানিফ মিয়াকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার আখতার হোসেন জানান, হামলা ও লুটপাটে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে। এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার এবং দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রায় পাঁচ দশক ধরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি বাংলাদেশ সরকারের অংশীদারত্বে মিরপুরের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা এবং শিশুদের নিয়মিত টিকাদান সেবা দিয়ে আসছিল।











