যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি
অনলাইন ডেস্ক : পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে দুই দেশের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এতে সই করেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।
চুক্তির আওতায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হবে।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় নতুন চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বলে জানানো হয়।
এর আগে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফরের সময় ওয়াশিংটনের পক্ষ থেকে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছিল।
গত ৩ আগস্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। দেশের জনগণের স্বার্থ সুরক্ষিত থাকলে এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো দ্বিপক্ষীয় চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই বিবেচনা করবে সরকার।











