,

জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পাঁচ দফা প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রোহিঙ্গারা। একই সঙ্গে দ্রুত ও কার্যকর প্রত্যাবাসনের উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
বৃহস্পতিবার দুপুরে উখিয়ার বালুখালী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন রোহিঙ্গা নেতারা। এতে ইউসিআরের বিভিন্ন পর্যায়ের নেতা ও রোহিঙ্গা কমিউনিটির সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণকে স্বাগত জানানো হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে দ্রুত প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের দাবি তোলা হয়।
রোহিঙ্গা নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত হয়ে তারা বাংলাদেশে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল জীবনযাপন করছেন। সংকটের স্থায়ী সমাধানের জন্য নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই।
তাদের মতে, মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরিতে জাতিসংঘ, আঞ্চলিক সংগঠন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
ইউসিআরের প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্য মো. ছৈয়দ উল্লাহ বলেন, প্রায় এক দশক ধরে রোহিঙ্গারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও মানবিক সহায়তা পেয়ে আসছেন। এখন সেই সংহতিকে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার সময় এসেছে। মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে ফেরার অধিকার নিশ্চিত করতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেওয়া রোহিঙ্গারা বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পে অনিশ্চয়তার মধ্যে বসবাস করতে হচ্ছে তাদের। তারা নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরতে চান। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
মানববন্ধনে ইউসিআরের নেতাদের মধ্যে মাস্টার জাহাঙ্গীর আলম, মৌলভী ছৈয়দ উল্লাহ, মাস্টার কিন মং রফিক, মাস্টার শোয়াইব ও সাজেদা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর