দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
অনলাইন ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি করা এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর ব্যাহত হচ্ছে। এতে দেশে স্বাভাবিক সময়ের তুলনায় সামগ্রিক গ্যাস সরবরাহ কমে গেছে।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটির উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান জানান, বৈরী আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার স্বাভাবিকভাবে করা যাচ্ছে না।
এর প্রভাবে সাময়িকভাবে গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতির কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
সংস্থাটি জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে এলএনজি স্থানান্তর কার্যক্রম স্বাভাবিক হবে। এরপর ধীরে ধীরে দেশে গ্যাস সরবরাহও আগের অবস্থায় ফিরে আসবে।











