স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে
অনলাইন ডেস্ক : আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচনের চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারণ হয়নি।
তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষা এবং বিভিন্ন পাবলিক পরীক্ষা থাকায় ওই সময়ে নির্বাচন আয়োজন করা হচ্ছে না। পরীক্ষা শেষ হলে জানুয়ারি থেকে ভোট শুরু করার বিষয়টি কমিশন বিবেচনা করছে।
নির্বাচনের সময় নির্ধারণে বন্যার কারণে পিছিয়ে যাওয়া পরীক্ষা, রমজান, ঈদ, দুর্গাপূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচিও বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি।
ইসি আনোয়ারুল জানান, সম্ভাব্য নির্বাচনের তারিখের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। তবে তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখকে চূড়ান্ত বলা যাবে না।
নির্বাচনের সময় পেছানোর ক্ষেত্রে সরকারের কোনো চাপ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস্তবতা, আইন ও সংবিধানের বিষয়গুলো বিবেচনা করেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে। সরকারের কোনো চাপের কারণে নির্বাচনের সময় পরিবর্তন করা হয়নি।











