এমপি নজরুল ইসলামের ফের ৪ দিনের রিমান্ড
অনলাইন ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে চার দিনের রিমান্ড শেষে নজরুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমান এবং নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও আসামি। তাদের এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেওয়া হয়। পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্তভার পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়। গতকাল বুধবার মামলার তৃতীয় আসামি ওবায়দুর রহমানকে ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এজাহারে মরিয়মের বাবা অভিযোগ করেন, গত জুনে ওবায়দুর রহমানের প্ররোচনায় নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। এরপর থেকে নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন তিনি।
এজাহারে আরও বলা হয়, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় তার বিছানার ওপর কয়েকটি চিরকুট পাওয়া যায়। এসব লেখায় দাম্পত্য সম্পর্ক, বিশ্বাসভঙ্গ ও মানসিক কষ্টের বিষয় উঠে এসেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২০ জুলাই মগবাজারের একটি হোটেলে মরিয়ম ও নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি হওয়ার দাবি উঠলেও পরে নজরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে উল্লেখ করেন। পরবর্তীতে সাংগঠনিক তদন্তের কথা উল্লেখ করে ২২ জুলাই তাকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায় জামায়াতে ইসলামী।











