,

পোশাকখাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : দেশের পোশাকশিল্পের বর্তমান সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসএসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বঙ্গভবনে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে অর্থনীতির সুবিধা যেন সংশ্লিষ্ট সব পক্ষ পায়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।
তিনি জানান, অর্থনীতি শক্তিশালী করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে সরকার অর্থনীতি, শিল্প ও ব্যবসাবান্ধব বিভিন্ন নীতি গ্রহণ করেছে।
শিল্প ও বাণিজ্যকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
জ্বালানি সংকট মোকাবিলায় শিল্প উদ্যোক্তাদের সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে সরকার কাজ করছে বলেও জানান রাষ্ট্রপতি।
দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে নিটওয়্যার খাতের অবদানের কথা উল্লেখ করে এ খাতের উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বিকেএমইএর প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর