,

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে দিতে হবে ১০ হাজার টাকা দণ্ড ফি

news-image

অনলাইন ডেস্ক: পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার পর পুনঃইস্যুর নিয়মে পরিবর্তন এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নির্দেশনায় প্রথমবার পাসপোর্ট হারালে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত দণ্ড ফি না থাকলেও দ্বিতীয়বার বা পরবর্তী প্রতিবার একই ঘটনা ঘটলে অতিরিক্ত ১০ হাজার টাকা দিতে হবে।

গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে হারানো, চুরি বা ক্ষতিগ্রস্ত পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে মোট ১২টি নির্দেশনা দেওয়া হয়েছে।

অনলাইনে রিপোর্ট বাধ্যতামূলক : নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার বিষয়টি দ্রুত পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত অনলাইন ব্যবস্থায় রিপোর্ট করতে হবে।

রিপোর্ট পাওয়ার পর সংশ্লিষ্ট পাসপোর্টের স্ট্যাটাস ডাটাবেজে হালনাগাদ করবে অধিদপ্তর।

এর পাশাপাশি নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করার নির্দেশনাও রয়েছে।

৭২ ঘণ্টায় জিডি যাচাই : জিডি করার পর সংশ্লিষ্ট থানা ৭২ ঘণ্টার মধ্যে এর তথ্য যাচাই করে প্রতিবেদন পাসপোর্ট অধিদপ্তর বা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে পাঠাবে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে পুলিশের প্রতিবেদন না পাওয়া গেলে জিডির কপি দিয়েই পুনঃইস্যুর আবেদন করার সুযোগ থাকবে।

এরপর পাসপোর্ট অধিদপ্তর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট পাসপোর্টের জন্য ‘লস্ট সার্কুলার’ জারি করবে।

অন্যের কাছে আটকে থাকলেও ব্যবস্থা : জিডি যাচাইয়ের সময় যদি জানা যায়, ভিসা বা অন্য কোনো কাজে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা ট্রাভেল এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়া হয়েছিল এবং সেটি অবৈধভাবে আটকে রাখা হয়েছে, তাহলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।

পাসপোর্টটি দ্রুত ফেরত পাওয়ার সুযোগ না থাকলে আগের পাসপোর্ট বাতিল করে নতুন পাসপোর্ট ইস্যু করা যাবে।

পুলিশ ও ইন্টারপোলকে তথ্য : হারানো বা চুরি যাওয়া পাসপোর্টের তথ্য পাওয়ার পর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমে তা দ্রুত আপডেট করার কথা বলা হয়েছে।

প্রয়োজন হলে সংশ্লিষ্ট তথ্য ইন্টারপোলকেও জানানো হবে।

বিদেশে হারালে মিশনে জানাতে হবে : বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশির পাসপোর্ট হারিয়ে গেলে, চুরি হলে বা নষ্ট হলে অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন অথবা কনস্যুলেটকে বিষয়টি জানাতে হবে।

সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন প্রয়োজনীয় ‘লস্ট সার্কুলার’ জারি করে পুনঃইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করবে।

নতুন পাসপোর্টে থাকবে বিশেষ তথ্য : হারানো বা চুরি যাওয়া পাসপোর্টের পরিবর্তে নতুন পাসপোর্ট ইস্যু করা হলে ডেটা পেজে পাসপোর্ট হারানোর বিষয়টি উল্লেখ থাকবে।

একই সঙ্গে আগের পাসপোর্ট হারানো বা বাতিল হওয়ার তথ্য ডাটাবেজেও সংরক্ষণ করা হবে।

পরিচয় বদলের সুযোগ নেই : পুনঃইস্যুর সময় আবেদনকারীর মৌলিক পরিচয়সংক্রান্ত তথ্য ইচ্ছামতো পরিবর্তন করা যাবে না।

নাম, জন্মতারিখ, বাবার নাম ও মায়ের নামের মতো মৌলিক তথ্য অপরিবর্তিত থাকবে। তবে আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত সংশোধনের আবেদন থাকলে তা আলাদাভাবে বিবেচনা করা যাবে।

আংশিক নষ্ট হলে কী হবে? : পাসপোর্ট আংশিক ক্ষতিগ্রস্ত হলেও যদি শনাক্ত করার মতো গুরুত্বপূর্ণ অংশ আবেদনকারীর কাছে থাকে, সেটি জমা দিয়ে পুনঃইস্যুর আবেদন করা যাবে।

অন্যদিকে পাসপোর্ট সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে এবং পরিচয় শনাক্ত করার মতো কোনো অংশ দেখানো সম্ভব না হলে সেটিকে হারানো পাসপোর্টের মতো বিবেচনা করে সংশ্লিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে।

বাতিল পাসপোর্ট ফিরে পেলেও ব্যবহার নয় : হারানো বা চুরি হিসেবে রিপোর্ট করার পর কোনো পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেটি পরে উদ্ধার হলেও আর সক্রিয় করা যাবে না।

এ ধরনের পাসপোর্ট পাওয়া গেলে বাংলাদেশে থাকলে দ্রুত থানায় এবং পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে বিষয়টি জানাতে হবে। বিদেশে থাকলে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনকে অবহিত করতে হবে।

দ্বিতীয়বার থেকেই বাড়তি ১০ হাজার : জরিমানার ক্ষেত্রে নতুন নিয়মটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না।

দ্বিতীয়বার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফি’র সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।

তৃতীয়বার বা পরবর্তী প্রতিবারও নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি প্রযোজ্য হবে।

২১ সেপ্টেম্বর থেকে কার্যকর : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখার স্মারক নম্বর ১১৯৭-এর মাধ্যমে পরিপত্রটি জারি করা হয়েছে।

নতুন নির্দেশনায় আগের বিভিন্ন পরিপত্র, আদেশ ও নির্দেশনা সমন্বয় ও সংশোধন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

নতুন ব্যবস্থার ফলে পাসপোর্ট হারানো বা চুরি যাওয়ার পর দ্রুত রিপোর্ট করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি একই পাসপোর্ট বারবার হারানো বা নষ্ট হওয়ার ক্ষেত্রে বাড়তি আর্থিক দায়ও বহন করতে হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে