,

সাইবার নিরাপত্তায় চীনের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে বাংলাদেশ

news-image

অনলাইনডেস্ক : সাইবার নিরাপত্তা, সাইবার অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে চীনের সঙ্গে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে বাংলাদেশ। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে চীনের রাষ্ট্রদূত জানান, আগামী অক্টোবরের শুরুতে বাংলাদেশে তাঁর দায়িত্ব শেষ হবে। এ সময় তিনি চীনের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেন। পাশাপাশি চীনে অনুষ্ঠিতব্য পাবলিক সিকিউরিটি ফোরামে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য সালাহউদ্দিন আহমদকে চীন সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে দুই পক্ষই আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং সাইবার অপরাধ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সাইবার অপরাধ, জননিরাপত্তা ব্যবস্থাপনা, ট্রাফিক ও পরিবহন ব্যবস্থাপনা, ইমিগ্রেশন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী এ সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পুলিশ বাহিনীর জন্য বিশেষায়িত সাইবার সিকিউরিটি ইউনিট গঠন ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব স্থাপনের পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।
সাইবার অপরাধ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের জন্য চীনের বিশেষজ্ঞদের বাংলাদেশে পাঠানোর প্রস্তাব দেন ইয়াও ওয়েন। পাশাপাশি চীনের সাইবার ল্যাব পরিদর্শনের সুযোগ দেওয়ার কথাও জানান তিনি।
এর পরিপ্রেক্ষিতে সিআইডির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনে পাঠানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দলে অতিরিক্ত আইজিপি, অতিরিক্ত ডিআইজি এবং সাইবার ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষ পুলিশ কর্মকর্তারা থাকবেন। প্রতিনিধি দলটি চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তি পরিদর্শনের পর বাংলাদেশে ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের বিষয়ে প্রস্তাব দেবে।
বৈঠকে বাংলাদেশে থাকা চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান কৌশলগত উন্নয়ন অংশীদার এবং দেশটিতে বসবাসরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও উন্নয়ন প্রকল্পে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার রয়েছে।
বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।