,

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

news-image

অনলাইন ডেস্ক : আগামী বছরের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, জানুয়ারি থেকে মার্চের মধ্যে সুবিধাজনক একটি তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির উদ্বোধন করবেন।

শুক্রবার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকুড়ি এলাকায় প্রকল্পের নির্মাণস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, শুষ্ক মৌসুমে পানির সংকট কমানো, নদীর প্রবাহ ও নাব্যতা ধরে রাখা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি নিরাপত্তা নিশ্চিত করতেই পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। হাবাসপুর এলাকায় প্রায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এর ফলে কৃষি ও মৎস্য উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ খাতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে জানান পানিসম্পদ মন্ত্রী।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শুষ্ক মৌসুমে পদ্মায় পানিপ্রবাহ কমে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, বর্ষায় নদীর অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে তা নিয়ন্ত্রিতভাবে ব্যবহারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে খাল পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

প্রকল্পের নকশায় ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইসগেট, দুটি ফিশপাস এবং একটি নেভিগেশন লক রাখার কথা রয়েছে। ব্যারেজে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ এবং ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরির পরিকল্পনা রয়েছে।

পদ্মা ব্যারেজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। ২০২৬ সালের জুলাইয়ে কাজ শুরু করে ২০৩৩ সালের জুনের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য রয়েছে। পুরো অর্থায়ন সরকার করবে।

এর আগে গত ১৩ মে একনেকের সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর