,

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : দেশীয় উদ্ভাবনকে গবেষণাগার থেকে বাণিজ্যিক উৎপাদনে নিয়ে যাওয়া এবং সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়ে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সরকার সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় উদ্যোগ ও প্রচেষ্টা চালাবে। উদ্ভাবক, উদ্ভাবনী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সহযোগিতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে দেশের সম্ভাবনাময় উদ্ভাবনগুলো বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিক সাফল্য পাবে।

এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘ইনোভেট টু মার্কেট’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে মেলায় দেশীয় উদ্ভাবক ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে অংশীদারত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন মেলায় প্রদর্শিত হচ্ছে।

দেশে একটি শক্তিশালী জাতীয় উদ্ভাবন ব্যবস্থা গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

মেলায় কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর এবং ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। কারিগরি অংশীদার হিসেবে রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বক্তব্য দেন।

মেলার দ্বিতীয় দিনে স্বাস্থ্য খাত নিয়ে ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের।