,

ডেঙ্গু রোধে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে দেশের সব নাগরিকের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আগামী তিন মাস সম্মিলিতভাবে কাজ করলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। শতভাগ সফলতা সম্ভব না হলেও অন্তত ৮০ শতাংশ পর্যন্ত সমস্যার সমাধান করা যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে শুধু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়াই যথেষ্ট নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রোগটির উৎস নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে। বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও আবর্জনা এডিস মশার বংশবিস্তারের সুযোগ তৈরি করে। তাই আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, রাস্তাঘাট বা বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিবর্তন করতে হবে। প্রত্যেক নাগরিককে নিজের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে।

সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজ নিজ অবস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে ব্যয় করার আহ্বান জানান তিনি। তার মতে, সবাই এভাবে এগিয়ে এলে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

পরিচ্ছন্নতা কার্যক্রমে তরুণদের অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণ ও স্বেচ্ছাসেবক একসঙ্গে কাজ করলে দেশকে পরিচ্ছন্ন ও সুস্থ রাখা কঠিন হবে না।

প্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন জেলায় স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতাকর্মীরা এ কার্যক্রমে যুক্ত হয়েছেন। শিক্ষার্থী ও তরুণদের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, প্রত্যেক মানুষ যদি নিজের জায়গা থেকে পরিবর্তনের চেষ্টা করেন, তাহলে সম্মিলিতভাবে বড় ধরনের পরিবর্তন সম্ভব। তাই আগামী দিনের লক্ষ্য হওয়া উচিত পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন সমাজ ও সুস্থ বাংলাদেশ।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, পরিচ্ছন্নতাকর্মী, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ জাতীয় আরও খবর