ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ
অনলাইন ডেস্ক : জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার আগে ইরান চীনা স্যাটেলাইট থেকে নেওয়া উচ্চ-রেজল্যুশনের ছবি সংগ্রহ করেছিল বলে অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে হামলার আগে ঘাঁটির বিস্তারিত স্যাটেলাইট ছবি সংগ্রহ করে ইরান। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে স্যাটেলাইট ছবি সরবরাহকারী চীনা প্রতিষ্ঠানগুলোর নাম এখনো প্রকাশ করা হয়নি। পাশাপাশি হামলার ঘটনায় চীন সরকার সরাসরি জড়িত ছিল—এমন দাবিও করেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে। তবে বেইজিং অভিযোগ অস্বীকার করেছে এবং এর পক্ষে প্রমাণ দেখানোর দাবি জানিয়েছে।
এর আগে গত মে মাসে ইরানকে সামরিক কাজে ব্যবহারযোগ্য স্যাটেলাইট ছবি সরবরাহের অভিযোগে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তাদের মতে, উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি কোনো সামরিক ঘাঁটি বা নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। ফলে এ ধরনের ছবি হামলার পরিকল্পনা ও পরিচালনায় ইরানকে সহায়তা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে জুলাইয়ের হামলায় ব্যবহৃত ছবিগুলো ঠিক কোন চীনা প্রতিষ্ঠান সরবরাহ করেছিল এবং চীন সরকার এ বিষয়ে আগে থেকে অবগত ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।











