ক্ষমতার কাঠামো না বদলালে স্বৈরশাসন ফিরবে: মামুনুল
অনলাইন ডেস্ক : দেশের বিদ্যমান রাজনৈতিক ও ক্ষমতার কাঠামো পরিবর্তন করা না হলে ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, একসময় স্বৈরাচারী শাসনে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার মাঠে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
মামুনুল হক বলেন, শুধু সরকার পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। বর্তমান রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হলে ক্ষমতায় যাওয়া যেকোনো দল কয়েক বছর পর একই ধরনের কর্তৃত্ববাদী আচরণ করতে পারে। তাই রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে মৌলিক সংস্কার প্রয়োজন।
রাষ্ট্রপতির ক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রপতির পদ অনেকটাই আনুষ্ঠানিক হয়ে পড়েছে। জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী রাষ্ট্রপতির হাতে কার্যকর কিছু প্রশাসনিক ক্ষমতা দেওয়া প্রয়োজন।
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, প্রধানমন্ত্রীর একক নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগকে মুক্ত করতে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করা দরকার। রাজনৈতিক প্রভাবমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়।
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে মামুনুল হক বলেন, সব রাজনৈতিক দল এ দাবি থেকে সরে গেলেও বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের কাছে গিয়ে বিষয়টি তুলে ধরবে।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান এই নেতা।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমেদ ওসমানী। দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীও এতে বক্তব্য দেন।











