সেচে সৌর পাম্প দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক : আগামী পাঁচ বছরের মধ্যে কৃষকদের সেচকাজে ব্যবহৃত ডিজেলচালিত পাম্প ধাপে ধাপে সৌরবিদ্যুৎচালিত পাম্পে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দীন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তাজ উদ্দীন খান জানতে চান, ডিজেলচালিত সেচযন্ত্রের পরিবর্তে কৃষকদের জন্য বিনামূল্যে সৌরবিদ্যুৎ ব্যবহারের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না। জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারের এমন পরিকল্পনা রয়েছে এবং পর্যায়ক্রমে ডিজেলনির্ভর সেচ পাম্পগুলো সৌরবিদ্যুতের আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিদ্যুতের চাহিদা বাড়ার পাশাপাশি আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে।
কৌশল অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
এ ছাড়া বায়ু, বর্জ্য, পানিবিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও অ্যাগ্রিভোলটেইক্সসহ অন্যান্য প্রযুক্তি থেকে আরও ৪৫০ থেকে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, সৌরবিদ্যুৎ স্থাপনে উৎসাহ দিতে বিভিন্ন সরঞ্জামের ওপর শুল্ক ও কর সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে বিশেষ প্রণোদনাও চালু করা হয়েছে।
সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ সংরক্ষণে ব্যবহৃত ব্যাটারি নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, পরিবেশের ক্ষতিকর প্রভাব বিবেচনায় লেড ব্যাটারির ব্যবহার নিরুৎসাহিত করে লিথিয়াম ব্যাটারির ব্যবহার বাড়াতে চায় সরকার।
লিথিয়াম ব্যাটারি উৎপাদনের কারখানা স্থাপনে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও জানান প্রধানমন্ত্রী।











