প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত
অনলাইন ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সব ধরনের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের পদায়ন শেষ না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম বন্ধ থাকবে। নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পদায়ন সম্পন্ন হওয়ার পর আবার বদলি কার্যক্রম চালু করা হবে।
বদলি প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও জটিলতার অভিযোগ সামনে আসার কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, এসব বিষয় পর্যালোচনা করা হবে। পাশাপাশি বদলিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান শুরু হবে আগামী ১ অক্টোবর। এরপর ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে।
নতুন শিক্ষকদের পদায়নের পর কোন নীতিমালার ভিত্তিতে বদলি কার্যক্রম পরিচালিত হবে, সেটি পরে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বর্তমান নীতিমালা বহাল থাকবে নাকি নতুন কোনো পদ্ধতি চালু হবে, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি।
এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জনের ফল প্রকাশ করা হয়। পরে মৌখিক পরীক্ষা শেষে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়।
এদিকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি উপবৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম নিয়েও কাজ চলছে বলে জানান ববি হাজ্জাজ। কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে উপবৃত্তি কার্যক্রম আরও প্রয়োজনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষাকে কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত করার পাশাপাশি বিদ্যালয়ের বাইরে থাকা শিশু-কিশোরদের শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম জোরদার করা হচ্ছে। শিক্ষা ও কর্মদক্ষতার সমন্বয়, প্রযুক্তির ব্যবহার এবং প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় যুক্ত করাকে সরকার গুরুত্ব দিচ্ছে।










