আফতাবনগরে ভোটার হলেন আসিফ মাহমুদ
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার থাকলেও বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।
সোমবার আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তার ভোটার এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এ আবেদন করেছিলেন আসিফ মাহমুদ। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই ও প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে তা অনুমোদন করে। এর ফলে তার ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় পড়ছে।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে ঢাকা-১০ সংসদীয় আসনের আওতাধীন ধানমন্ডি এলাকায় ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন আসিফ মাহমুদ। সে সময় ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
এদিকে একই দিনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তনের তথ্যও জানা যায়। তিনি আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার ছিলেন। বর্তমানে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তার আবেদন অনুমোদন করা হয়েছে










