ঢাকার নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক : ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদী ও নৌপথ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নাব্যতা বজায় রাখা এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নদীগুলোর সঙ্গে যুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ এবং ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী ইতোমধ্যে নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করে কাজ এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
তারেক রহমান বলেন, শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে। নদী ও পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।
সভায় স্থানীয় সরকার, পরিবেশ, শিল্প, পানিসম্পদ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং বাংলাদেশ নৌবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন।











