দাবি না মানলে ডিসেম্বরে সরকার পতনের আন্দোলন: ডা.শফিকুর রহমান
অনলাইন ডেস্ক : ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরে লংমার্চ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়া না হলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের কর্মসূচি শুরু হবে।
তিনি বলেন, জনগণ নিয়মিত বিদ্যুৎ, গ্যাস ও পানি পাচ্ছে কি না, কৃষক সময়মতো সার পাচ্ছেন কি না এবং ব্যবসায়ীরা চাঁদাবাজিমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারছেন কি না—এসব প্রশ্নের সমাধানের দাবিতেই তারা রাজপথে নেমেছেন। কুমিল্লায় দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট দূর করা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসনে দলীয়করণ বন্ধ করা।
কুমিল্লাকে বিভাগ করার দাবির বিষয়েও বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লাবাসী বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাই এ বিষয়ে আর কোনো টালবাহানা না করে দ্রুত কুমিল্লা বিভাগ কার্যকর করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নোয়াখালীর বিভাগ দাবির কথাও উল্লেখ করে তিনি বলেন, তাদের দাবিও বিবেচনা করা উচিত।
কুমিল্লার নাম নিয়ে কোনো ধরনের বৈষম্য বা বাড়াবাড়ি করা হলে তা জেলার সাধারণ মানুষকে অপমান করার শামিল বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। পাশাপাশি কুমিল্লায় বিমানবন্দর চালুর সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানান তিনি।
সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে তিনি যুবসমাজকে রক্ষা ও দেশের পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন।











