,

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে ধোঁয়াশা

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারত সরকারের কাছে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই। তিনি অংশ না নিলে বাংলাদেশের পক্ষ থেকে অন্য কেউ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন কি না, সেটিও স্পষ্ট নয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, বাংলাদেশ থেকে কে সম্মেলনে অংশ নেবেন সে বিষয়ে তাদের কাছে এখনো নিশ্চিত তথ্য নেই।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনেও তাকে আমন্ত্রণ জানানো হয়।

তবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। ফলে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। ব্রিকস সম্মেলনের এক সপ্তাহ আগে এসেও বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে সেই ধোঁয়াশা কাটেনি।

এদিকে শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকার নিয়েও ভারত সরকারের অবস্থান জানতে চাওয়া হয়। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এক প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, শেখ হাসিনার সাক্ষাৎকারের সময় বা বক্তব্য নিয়ে সরকারের পক্ষ থেকে তার কোনো মন্তব্য নেই।

আরেক প্রশ্নে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা, নিরাপত্তা এবং বিচারসংক্রান্ত দাবি নিয়ে ভারত সরকারকে তিনি কিছু জানিয়েছেন কি না জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

এ জাতীয় আরও খবর