অনলাইন ডেস্ক : ইউএস ওপেনে অস্বাভাবিক এক অভিজ্ঞতার মুখে পড়েছেন বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচ চলাকালে গ্যালারি থেকে তীব্র গাঁজার গন্ধ আসায় কিছুক্ষণের জন্য খেলা বন্ধ করে আম্পায়ারের কাছে অভিযোগ জানান তিনি।
উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে ম্যাচে শুরুতেই ২-০ গেমে এগিয়ে যান শীর্ষ বাছাই সাবালেঙ্কা। নিজের সার্ভিসের সময় কোর্টে গাঁজার গন্ধ খুব তীব্র বলে চেয়ার আম্পায়ার এভা আসদেরাকি-মুরের দৃষ্টি আকর্ষণ করেন তিনি এবং এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব কি না জানতে চান।
ম্যাচ বন্ধের পর দ্রুতই স্বাভাবিক খেলায় ফেরেন সাবালেঙ্কা। শেষ পর্যন্ত ৬-৩, ৬-৪ গেমে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেন তিনি। ম্যাচজুড়ে প্রতিপক্ষকে একবারও ব্রেক পয়েন্টের সুযোগ দেননি বেলারুশের এই তারকা।
দুর্দান্ত সার্ভিসের পাশাপাশি সাবালেঙ্কা ম্যাচে ২৯টি উইনার ও ১০টি এস করেন। মাত্র ৩৫ মিনিটে প্রথম সেট জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে রাখিমোভা কিছুটা লড়াই করলেও ৫-৪ গেমে গুরুত্বপূর্ণ সময়ে তার সার্ভিস ভেঙে ম্যাচের নিয়ন্ত্রণ নেন সাবালেঙ্কা। এরপর নিজের সার্ভিস ধরে রেখে জয় নিশ্চিত করেন।
ইউএস ওপেনের ভেন্যুতে ধূমপান নিষিদ্ধ হলেও নিউইয়র্ক অঙ্গরাজ্যে ২১ বছর বা তার বেশি বয়সীদের বিনোদনমূলক গাঁজা সেবন বৈধ।
এদিকে পুরুষ এককের তৃতীয় রাউন্ডে চীনের উ ইবিংকে ৬-৩, ৬-৪, ৬-১ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন স্পেনের কার্লোস আলকারাজ। কবজির চোটের কারণে এপ্রিল থেকে এককের বাইরে থাকা সাতবারের গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা ১৩৯ দিন পর একক প্রতিযোগিতায় ফিরে টানা তৃতীয় জয় পেলেন।
চতুর্থ রাউন্ডে আলকারাজের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের টমি পল। তার বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচেই জয় পেয়েছেন স্প্যানিশ তারকা।
এছাড়া ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ তৃতীয় রাউন্ডে ফ্রান্সের আর্থার রিনদেরকনেককে সরাসরি সেটে হারিয়েছেন। তিন ম্যাচেই সরাসরি সেটে জয় পাওয়া মেদভেদেভ পরের রাউন্ডে ফ্রান্সেস টিয়াফো অথবা ভ্যালেন্তিন ভাশেরোর মুখোমুখি হবেন।
নারী এককে বড় অঘটন ঘটিয়ে ক্যারোলিনা মুচোভাকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এমা নাভারো। এবারের প্রতিযোগিতায় শীর্ষ দশের কোনো খেলোয়াড় হিসেবে প্রথম বিদায় নিলেন মুচোভা। চলতি মৌসুমে শীর্ষ দশের খেলোয়াড়ের বিপক্ষে এটি নাভারোর তৃতীয় জয়।