,

জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

news-image

অনলাইন ডেস্ক : জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার আদায় করেই তারা ঘরে ফিরবেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশে লংমার্চ শুরু করেন জোটের নেতাকর্মীরা।

শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার নিয়ে কোনো ধরনের ছিনিমিনি মেনে নেওয়া হবে না। কর্মসূচির প্রভাব ইতোমধ্যে বিভিন্ন জায়গায় পড়তে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। লংমার্চের পথে কোনো বাধাকে পরোয়া না করার কথাও জানান জামায়াত আমির।

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন রাজপথের পাশাপাশি জাতীয় সংসদেও চলবে। যতদিন পর্যন্ত মানুষের প্রতিটি অধিকার নিশ্চিত না হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি তেল ও সারের সংকট দূর করা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দলীয়করণ বন্ধের দাবিতে এই লংমার্চ আয়োজন করা হয়েছে।

এর সঙ্গে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থানকে সপ্তম দাবি হিসেবে যুক্ত করার কথা জানান শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনোভাবেই সহ্য করা হবে না।

সমাবেশে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। এসব সংকটের মধ্যে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ তুলে তিনি সিফাত নামে এক তরুণকে গ্রেপ্তারের প্রসঙ্গও তুলে ধরেন এবং তাকে মুক্তি দেওয়ার দাবি জানান।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন। পরে শফিকুর রহমানের বক্তব্য শেষে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

লংমার্চের পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে। কর্মসূচির শেষপর্বে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর