,

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ায় একটি ফ্ল্যাট থেকে এক নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহগুলোর মধ্যে একজন পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্য, ফ্ল্যাটটি থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনজনের মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনার রহস্য উদঘাটনে সিআইডি, গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ যৌথভাবে তদন্ত করছে।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।

এ জাতীয় আরও খবর