,

অসুস্থ হলেও মিড পরীক্ষায় জরিমানা, ক্ষুব্ধ বেরোবি শিক্ষার্থীরা

news-image

অনলাইন ডেস্ক : অসুস্থতার কারণে মিড সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে না পারলেও জরিমানা দিয়ে পুনরায় পরীক্ষায় বসতে হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ১ হাজার ২০০ টাকা এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ১ হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হবে। এ সিদ্ধান্তে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, অসুস্থতার কারণে মিড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের সুপারিশের ভিত্তিতে নির্ধারিত জরিমানা বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা দিলে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পাবেন। সিদ্ধান্তটি গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, অসুস্থতার মতো অনিচ্ছাকৃত কারণে পরীক্ষায় অনুপস্থিত হওয়ার পরও এত বেশি জরিমানা আরোপ করা তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করবে। বিশেষ করে সাধারণ, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বিষয়টি আরও কঠিন হয়ে উঠবে।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সাইমন সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের উচিত শিক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনায় নিয়ে সহায়ক পরিবেশ তৈরি করা। নিয়ম-শৃঙ্খলা প্রয়োজন হলেও তা যেন শিক্ষার্থীদের জন্য বাড়তি বোঝা হয়ে না দাঁড়ায়, সেদিকেও নজর দেওয়া উচিত।

একই বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবির এই সিদ্ধান্তকে শিক্ষার্থীবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। তার মতে, অসুস্থতার কারণে পরীক্ষায় অনুপস্থিতির ক্ষেত্রে জরিমানা আরোপ করা যৌক্তিক নয়। তবে অন্য কোনো কারণে পরীক্ষায় অনুপস্থিতির ক্ষেত্রে জরিমানা রাখার প্রয়োজন হলে তা কমিয়ে আনা এবং সেই অর্থ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয়ের পরামর্শ দেন তিনি।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, পরীক্ষার আগে প্রতিটি বিভাগের একাডেমিক ক্যালেন্ডারে ক্লাস, মিড ও ফাইনাল পরীক্ষার সময়সূচি স্পষ্টভাবে উল্লেখ থাকা দরকার। যথাযথভাবে সময়সূচি না জানিয়ে কোনো সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিনের অভিযোগ, অনেক বিভাগে নির্দিষ্ট মিড উইক না থাকায় শিক্ষকরা নিজেদের সুবিধামতো পরীক্ষা নেন। এ অবস্থায় পরীক্ষার সময়সূচির কারণে কোনো শিক্ষার্থী অনুপস্থিত হলে তার ওপর জরিমানা চাপানো অযৌক্তিক। তিনি নির্দিষ্ট নিয়মের আওতায় শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি জানান।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদও সিদ্ধান্তটির বিরোধিতা করেছেন। তিনি বলেন, অসুস্থতার কারণে পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ না দিয়ে স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব নীতিমালা করা উচিত।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, জরিমানা আরোপের উদ্দেশ্য শিক্ষার্থীদের শাস্তি দেওয়া নয়। তার দাবি, মিড সেমিস্টার পরীক্ষায় শিক্ষার্থীদের অনুপস্থিতির হার তুলনামূলক বেশি এবং অনেক ক্ষেত্রে অযৌক্তিক কারণ দেখিয়ে পরীক্ষা এড়িয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। নতুন নিয়মের মাধ্যমে এ ধরনের প্রবণতা কমানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ