গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পক্ষে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক : গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়াকেই সংকটের একমাত্র সমাধান হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একই সঙ্গে গাজার বাসিন্দাদের স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট আয়োজিত এক সম্মেলনে এসব মন্তব্য করেন কাটজ। তার বক্তব্য নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল প্রতিবেদন প্রকাশ করেছে।
কাটজ বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে ইসরায়েল কাজ করছে। তার দাবি, শেষ পর্যন্ত এই স্থানান্তর ছাড়া গাজা সংকটের কোনো কার্যকর সমাধান নেই।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের পরিকল্পনা থেকে সরে যাননি; বরং এটি আপাতত স্থগিত রয়েছে। একই সঙ্গে সমুদ্র, আকাশসহ যেকোনো উপায়ে গাজা দখলের জন্য ইসরায়েল প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
ফিলিস্তিনিদের সম্ভাব্য আশ্রয় প্রসঙ্গে কাটজ বলেন, গাজার প্রতিবেশী দেশ মিশর ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ করতে রাজি নয়।
এর আগে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে অঞ্চলটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছিলেন। পরে তার মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। ওই চুক্তিতে ফিলিস্তিনিদের জোর করে গাজা ছাড়তে বাধ্য না করার কথা বলা হয়েছে। যারা স্বেচ্ছায় চলে যেতে চান, তাদের সেই সুযোগ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে ফিরে আসার অধিকারও রাখার কথা উল্লেখ রয়েছে।
তবে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন গাজা থেকে জনসংখ্যা সরিয়ে দেওয়ার প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে। তাদের কেউ কেউ এটিকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ বা জাতিগত নির্মূলের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।











