,

সবাইকে বাংলাদেশি হিসেবে ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয়ের বিভাজন বাদ দিয়ে দেশের সব নাগরিককে নিজেদের বাংলাদেশি হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে জনগণের অধিকার হরণ করে কঠোর শাসন চলেছে। বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই পরিস্থিতির অবসান হয়েছে এবং দেশে আবারও গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে।

তিনি বলেন, অর্থনীতি, প্রশাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থার বিভিন্ন দুর্বলতা কাটিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার কাজ এখন সামনে। বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সহাবস্থানই একটি বৈচিত্র্যময় সমাজের সৌন্দর্য বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের যেকোনো দেশে গেলে পরিচয়ের ভিন্নতার কারণে মানুষ নিজেকে সংখ্যালঘু হিসেবে অনুভব করতে পারে। তাই বর্তমান বিশ্বব্যবস্থায় সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভাজনের চেয়ে নাগরিক হিসেবে বাংলাদেশি পরিচয়ই বেশি গুরুত্বপূর্ণ।

রাষ্ট্র ও সমাজে ধর্ম, বর্ণ, মত কিংবা রাজনৈতিক পরিচয় যেন বিভেদ ও বৈষম্যের কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মাধ্যমে সব নাগরিককে ঐক্যবদ্ধ রাখার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন মহল গুজব ছড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সরকারপ্রধান বলেন, নাগরিক হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবনযাপন করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকারের পাশাপাশি বিএনপিও বিশ্বাস করে—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’; একই সঙ্গে সবার নিরাপত্তার অধিকার নিশ্চিত করার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধানমন্ত্রী ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে সম্মানী ও ভাতার অর্থ তুলে দেন। একই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে ভাতা দেওয়া হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ আয়োজনে অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ, ধর্মীয় গুরু, বিশিষ্ট নাগরিক এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পুরোহিত ও সেবায়েতরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ