বিএনপি ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত: সমাজকল্যাণ মন্ত্রী
অনলাইন ডেস্ক : জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপিকে কোনো চাপ দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, দলটির ভিত্তি জনগণের মধ্যেই গড়ে উঠেছে। যারা বিএনপিকে ভয় দেখানোর বা হুমকি দেওয়ার চেষ্টা করছেন, তাদের গণতান্ত্রিক ভাষায় কথা বলার আহ্বান জানান তিনি।
জাহিদ হোসেন বলেন, বিএনপি আত্মসমর্পণ করার রাজনীতিতে বিশ্বাস করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, দলটি সবসময় অন্যায়ের প্রতিবাদ এবং জনগণের অধিকার নিয়ে কথা বলেছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। জনগণের রায়ের মাধ্যমেই ভবিষ্যতে কারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে, তা নির্ধারিত হবে।
বিরোধীদের উদ্দেশে মন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা তৈরি করে মানুষের দুর্ভোগ বাড়ানো উচিত নয়। জনগণ পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং জনদুর্ভোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তারা সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়া হোসেন শিল্পী, সিনিয়র সভাপতি শাহীনুর ইসলাম শাজীনসহ স্থানীয় বিএনপি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











