অনলাইন ডেস্ক : বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তার দাবি, সরকার যেসব খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিল, সেগুলোতেই কাঙ্ক্ষিত সাফল্য আসেনি।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বিএনপি সরকারের ছয় মাস পার হয়েছে। শুরুতে জ্বালানি ও আইনশৃঙ্খলাসহ কয়েকটি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও এসব ক্ষেত্রে সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। মধ্যবিত্ত পরিবারগুলোর অনেকেই ঋণের চাপের মধ্যে রয়েছে। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং বিভিন্ন শিল্পকারখানায় কর্মী ছাঁটাইয়ের কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে।
সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, পরিস্থিতি ধীরে ধীরে ব্যর্থতার দিকে গেলেও সরকার সেটি স্বীকার করতে চাইছে না।
সংসদের কার্যক্রম নিয়েও বিএনপির সমালোচনা করেন সারজিস। তিনি বলেন, সংসদকে শুধু সরকারদলীয় কর্মকাণ্ডের জায়গায় পরিণত করার চেষ্টা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক নয়। বিরোধী দলের বক্তব্য শোনা এবং তাদের রাজনৈতিক ভূমিকার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।
সারজিস বলেন, জনগণের স্বার্থে সরকার ভালো কাজ করলে এনসিপি সহযোগিতা করবে। তবে সরকার যদি মানুষের প্রত্যাশার বিপরীতে অবস্থান নেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করা হবে।
১১ দলীয় জোটের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের বিভিন্ন দাবি তুলে ধরতেই বিভাগীয় শহরগুলোতে এ কর্মসূচি নেওয়া হচ্ছে। বিরোধী দল হিসেবে সরকারকে তাদের ভুল ও ব্যর্থতা দেখিয়ে দেওয়াও এর অন্যতম উদ্দেশ্য।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির কথাও জানান সারজিস আলম। তিনি বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে কাজ চলছে। দেশের প্রতিটি ইউনিয়নে এনসিপির কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার লক্ষ্য রয়েছে। এ প্রক্রিয়ার মাধ্যমে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে নেওয়া হবে।