,

ভারত কিনছে মার্কিন জ্যাভলিন

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাঁধে বহনযোগ্য জ্যাভলিন ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে ভারত। দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এ তথ্য জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন রাষ্ট্রদূত জানান, যুদ্ধক্ষেত্রে ব্যবহারে পরীক্ষিত জ্যাভলিন ব্যবস্থা কেনার উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। তার মতে, এটি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং ভবিষ্যতে যৌথ উৎপাদনের সুযোগ তৈরি করতে পারে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, জ্যাভলিন ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও মেরিন কোরের পাশাপাশি কয়েকটি মিত্র দেশের সামরিক বাহিনীতেও ব্যবহৃত হচ্ছে।

সার্জিও গোর বলেন, সম্ভাব্য এই চুক্তি ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে। একই সঙ্গে দুই দেশের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগও বাড়বে।

তবে ভারত কতটি জ্যাভলিন ব্যবস্থা কিনতে যাচ্ছে এবং সম্ভাব্য চুক্তির আর্থিক মূল্য কত, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে ভারতের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জ্যাভলিন ব্যবস্থা কী

জ্যাভলিন একটি বহনযোগ্য ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সাঁজোয়া যান ও ট্যাংকের মতো লক্ষ্যবস্তু মোকাবিলায় ব্যবহারের জন্য এটি লকহিড মার্টিন ও রেথিয়ন যৌথভাবে তৈরি করেছে।

এ ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য অনুসরণ করার প্রযুক্তি রয়েছে। ফলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর অপারেটর দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারেন। জ্যাভলিন সাধারণত ট্যাংকের তুলনামূলক কম সুরক্ষিত ওপরের অংশকে লক্ষ্য করে আঘাত হানে।

এর নকশায় এমন প্রযুক্তিও রয়েছে, যার কারণে ভবন বা বাঙ্কারের মতো আবদ্ধ স্থান থেকেও এটি উৎক্ষেপণ করা সম্ভব।

মার্কিন অস্ত্রে ভারতের আগ্রহ বাড়ছে

মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম কেনায় ভারতের আগ্রহ বাড়ার মধ্যেই জ্যাভলিন কেনার পরিকল্পনার খবর সামনে এসেছে। ২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র ভারতকে সম্ভাব্য ৯ কোটি ৩০ লাখ ডলারের একটি অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। ওই প্যাকেজে সর্বোচ্চ ১০০টি জ্যাভলিন ব্যবস্থা ও ২১৬টি এক্সক্যালিবার গাইডেড আর্টিলারি প্রজেক্টাইল রাখার কথা ছিল।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী, ভারত বিশ্বের অন্যতম বড় সামরিক ব্যয়কারী এবং অস্ত্র আমদানিকারক দেশ।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্যাপাচি ও চিনুক হেলিকপ্টার, সি-১৭ ও সি-১৩০জে পরিবহন বিমান, পি-৮আই সামুদ্রিক টহল বিমান এবং এম৭৭৭ হাউইটজার সংগ্রহ করেছে ভারত।

২০২৫ সালের অক্টোবরে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে একটি কাঠামোগত চুক্তিও করে। এর আওতায় স্থল, সমুদ্র, আকাশ, মহাকাশ ও সাইবার ক্ষেত্রে দুই দেশের সামরিক সক্ষমতার সমন্বয় বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।