অনলাইন ডেস্ক : বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বারবার আন্দোলন হলে এলাকার পাশাপাশি দেশেরও ক্ষতি হয়।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশে এখন উন্নয়ন ও পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া প্রয়োজন। এ অবস্থায় রাজনৈতিক আন্দোলন অব্যাহত থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দেশের স্বার্থে বিরোধী দলেরও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি বর্তমানে সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে এবং অন্য একটি পক্ষ বিরোধী দলের ভূমিকায় রয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধী দলের সহযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি অতীতের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, দীর্ঘ সময়ের আন্দোলন ও সংঘাতের কারণে দেশের মানুষ ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে সরকারকে দুর্বল করার চেষ্টা করা হলে তা কোনোভাবেই কাম্য নয়। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। সরকারের নেতৃত্বকে শক্তিশালী রেখে আগামী কয়েক বছর পরিকল্পিতভাবে কাজ করা গেলে দেশের মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসবে।
মতবিনিময় সভায় চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন সভাপতিত্ব করেন। এ সময় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিনসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।