বিশ্ববিদ্যালয়ে পার্ট-টাইম চাকরির তাগিদ
অনলাইন ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম চাকরির সুযোগ তৈরি এবং প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর ক্যারিয়ার সেন্টার চালুর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমীন।
শুক্রবার সাভারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় নীতিনির্ধারণী সংলাপে তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমীন বলেন, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মতো বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ তৈরি করা যেতে পারে। এতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার আগেই বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতি সহজ করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এসব কেন্দ্রে শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত তৈরি, চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি এবং পেশাগত বিষয়ে পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকার কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত চাকরি মেলার আয়োজনেরও পরামর্শ দেন শিক্ষা উপদেষ্টা। তার মতে, বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ তৈরি করা গেলে অতিরিক্ত ব্যয় ছাড়াই চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা সম্ভব।
শিক্ষার মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদেশে চলে যাওয়া মেধাবীদের দেশের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান মাহ্দী আমীন। বিদেশে থাকা বাংলাদেশি গবেষক, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের অতিথি শিক্ষক বা গবেষণা কার্যক্রমের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ ছাড়া আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে গবেষণাগার, জার্নাল ও গবেষণা সহায়তা বাড়ানো, ‘সামার স্কুল’ চালু, দূরশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন এবং সহজ ক্রেডিট ট্রান্সফারের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেন তিনি।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে স্বল্পমেয়াদি ব্যবহারিক কোর্স চালুর কথাও বলেন শিক্ষা উপদেষ্টা। ডিজিটাল দক্ষতা, ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের মতো তিন মাসের কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করার পরিকল্পনার কথা জানান তিনি।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শেখার সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দুই থেকে তিনটি বিদেশি ভাষা শেখার ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন মাহ্দী আমীন।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থার লক্ষ্য শুধু সনদ দেওয়া নয়; শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দক্ষতা ও বাস্তব কর্মক্ষমতা অর্জনে সহায়তা করাও এর গুরুত্বপূর্ণ দায়িত্ব। তরুণদের দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন উপাচার্য, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ অন্যরা বক্তব্য দেন।











