,

ইমিগ্রেশন পুলিশের ২৬৪ নতুন পদ অনুমোদন

news-image

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনার জন্য স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাংগঠনিক কাঠামোয় ২৬৪টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ২৬টি যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত করার অনুমতিও দেওয়া হয়েছে।

গত ১৬ আগস্ট এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদেশ জারি করলেই নতুন পদগুলো কার্যকর হবে।

অনুমোদিত ২৬৪ পদের মধ্যে ২৫৬টি পুলিশ বিভাগের এবং আটটি নন-পুলিশ পদ। পুলিশ বিভাগের মধ্যে তিনটি সহকারী পুলিশ সুপার (এএসপি), ১৬টি পরিদর্শক, ১৫০টি উপপরিদর্শক (এসআই), ৩৬টি সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ৫১টি কনস্টেবল পদ রয়েছে।

নন-পুলিশ পদগুলোর মধ্যে সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যানালিস্ট, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পদ রয়েছে।

নতুন পদগুলোর মধ্যে তিনটি ক্যাডার পদ স্থায়ীভাবে রাজস্ব খাতে রাখা হবে। বাকি ২৬১টি নন-ক্যাডার পদ পাঁচ বছরের জন্য অস্থায়ীভাবে সংরক্ষণের ভিত্তিতে সৃষ্টি করা হবে।

এ ছাড়া ইমিগ্রেশন কার্যক্রমের জন্য একটি জিপ বা এসইউভি, দুটি ডাবল কেবিন পিকআপ, একটি বাস, একটি মিনিবাস, একটি মাইক্রোবাস এবং ২০টি মোটরসাইকেলসহ মোট ২৬টি যানবাহন অনুমোদন করা হয়েছে।

পদ ও যানবাহন অনুমোদনের ক্ষেত্রে অর্থ বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় সম্মতি ও ভেটিং নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন পদগুলো নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্ত করা এবং প্রয়োজনীয় প্রশাসনিক আদেশ জারির পর সাংগঠনিক কাঠামো হালনাগাদ করার নির্দেশনা রয়েছে।