,

হাওয়াইয়ে ‘লালা’র আঘাতের শঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ক্যাটাগরি-১ হারিকেন ‘লালা’। শনিবার উপকূলের কাছাকাছি অবস্থান করে ঝড়টি আরও শক্তিশালী হয়েছে। এর সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার।

১৯৯২ সালের পর প্রথমবারের মতো শক্তিশালী হারিকেনের সরাসরি আঘাতের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে হাওয়াই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বিগ আইল্যান্ডে সর্বোচ্চ ৬৩ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি প্রায় তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে।

বিগ আইল্যান্ডে হারিকেন সতর্কতা জারি করা হয়েছে। মাউই কাউন্টি, ওহু, কাউয়াই ও নিহাউ দ্বীপে জারি করা হয়েছে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সম্ভাব্য আকস্মিক বন্যা, ভূমিধস ও অন্যান্য প্রাণঘাতী পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টারের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শনিবার বিকেলে ‘লালা’র আইওয়াল বিগ আইল্যান্ডের দক্ষিণাঞ্চলের পাশ দিয়ে অতিক্রম করছিল। রাতভর দ্বীপটিতে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রোববার ঝড়ের প্রভাব পশ্চিমের ছোট দ্বীপগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন বাসিন্দাদের অতিরিক্ত বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি ক্ষতিকর বাতাস, ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও সুনামির মতো পরিস্থিতির আশঙ্কার কথাও উল্লেখ করেছেন।

হারিকেনের প্রভাবে হাওয়াইয়ে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। বিগ আইল্যান্ডের কোনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ শতাংশ এবং হিলো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

ঝড়ের প্রভাবে হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ভারী বৃষ্টির পাশাপাশি গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে।

বিগ আইল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে সবচেয়ে কঠোর সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। সংস্থাটি জানিয়েছে, অতিবৃষ্টির কারণে কোথাও কোথাও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে। নদী ও শাখা নদীর পানি দ্রুত বেড়ে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

স্থানীয় আবহাওয়াবিদ জেনিফার মায়ার্স জানান, ভূমিধসের কারণে কয়েকটি সড়ক বিচ্ছিন্ন হয়েছে এবং গাছ পড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। হিলো বে এলাকায় নদীর পলি ও বৃষ্টির পানি মিশে পানির স্বাভাবিক রংও পরিবর্তিত হয়েছে।

ঝড়ের আগেই বাসিন্দাদের সতর্ক করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিল প্রশাসন। বাড়িঘর সুরক্ষায় অনেকে বালুর বস্তা সংগ্রহ করেছেন। বিগ আইল্যান্ডের বিভিন্ন কাউন্টিতে জরুরি আশ্রয়কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে।

হাওয়াইয়ে সর্বশেষ বড় ধরনের হারিকেন আঘাত হানে ১৯৯২ সালে। সে সময় ক্যাটাগরি-৪ হারিকেন ‘ইনিকি’ কাউয়াইয়ের দক্ষিণ উপকূলে আঘাত করে ছয়জনের প্রাণ কেড়ে নেয় এবং প্রায় ৩ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়।

তবে বিগ আইল্যান্ডে সরাসরি হারিকেন আঘাতের ঘটনা সর্বশেষ ঘটেছিল প্রায় ১৫৫ বছর আগে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।