হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের
অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউইয়র্কের নাসাও জেলা পুলিশ একাডেমির এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ইরানকে যুদ্ধে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে জয় পাওয়ার পর খুব শিগগিরই এ ধরনের ঘোষণা আসতে পারে। একই সঙ্গে ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখার কথাও জানান তিনি। এই অবরোধকে ‘ইস্পাতের দেয়াল’ হিসেবে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ার পর হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরান গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করলে পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করে।
পরে দুই দেশের মধ্যে শান্তি সমঝোতা হলেও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তেজনা বাড়ে। এরপর ইরান আবারও প্রণালিতে চলাচলে বিধিনিষেধ আরোপ করে এবং যুক্তরাষ্ট্রও অবরোধ কঠোর করে।
বর্তমানে তেহরানের অবস্থান অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না। অন্য দেশের জাহাজ চলাচলের ক্ষেত্রেও ইরানের অনুমোদন এবং নির্দিষ্ট শর্ত মানার কথা বলা হয়েছে।
এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘অভিভাবক’ ভূমিকার কথা বলেছিলেন। পাশাপাশি বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায়ের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। তবে পরে সেই অবস্থান থেকে সরে আসেন।
ট্রাম্পের নতুন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি বলেছেন, হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানো সম্ভব নয়। তার দাবি, হরমুজ প্রণালি অতীতেও ইরানের ছিল, এখনো ইরানের এবং ভবিষ্যতেও তেহরানের নিয়ন্ত্রণেই থাকবে। প্রণালিটি কখন বন্ধ বা চালু করা হবে, সেই সিদ্ধান্তও ইরানই নেবে বলে জানান তিনি।











