অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট চলতি আগস্টের শেষ দিকে হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়ছেন। পরিবার ও দুই ছোট সন্তানের সঙ্গে আরও সময় কাটানোর জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, লেভিট তার অন্যতম বিশ্বস্ত সহযোগী। পরিবারকে সময় দেওয়ার সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলেও উল্লেখ করেন। হোয়াইট হাউস ছাড়ার পরও লেভিট ট্রাম্পের বাইরের উপদেষ্টা হিসেবে কাজ করবেন এবং রিপাবলিকান পার্টিতে সক্রিয় থাকবেন বলে জানান তিনি।
২৮ বছর বয়সী লেভিট গত বছর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেন। এর মাধ্যমে তিনি মার্কিন ইতিহাসে এ পদে দায়িত্ব পালন করা সবচেয়ে কম বয়সী ব্যক্তি হন। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো ঘোষণা করা হয়নি।
গত মে মাসে স্বামী নিকোলাস রিচিওর সঙ্গে দ্বিতীয় সন্তানের মা হন লেভিট। তাদের দুই বছর বয়সী আরও একটি ছেলে রয়েছে। সন্তান জন্মের পর মাতৃত্বকালীন ছুটি শেষে গত মাসে তিনি কাজে ফেরেন।
ট্রাম্পের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লেভিট জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন তার জীবনের অন্যতম সম্মানজনক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে একই সঙ্গে মা হিসেবে দুই সন্তানকে যথেষ্ট সময় দিতে না পারার বিষয়টি তাকে সিদ্ধান্ত পরিবর্তনে প্রভাবিত করেছে।
লেভিট ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি সহকারী প্রেস সেক্রেটারি ও বক্তৃতা লেখক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। রিপাবলিকান প্রাইমারিতে জয় পেলেও মূল নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাসের কাছে পরাজিত হন।
এরপর ট্রাম্প-সমর্থিত বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকার পাশাপাশি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের জাতীয় প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকের সঙ্গে তার একাধিকবার উত্তপ্ত বিতর্ক হয়েছে। ট্রাম্প প্রশাসনের নীতির পক্ষে কঠোর অবস্থানের কারণে তার সমর্থকদের কাছ থেকে প্রশংসাও পেয়েছেন তিনি।
লেভিটের বিদায়ের পর ট্রাম্প প্রশাসনের নতুন প্রধান মুখপাত্র কে হবেন, তা এখনো নিশ্চিত নয়। এর আগে তার মাতৃত্বকালীন ছুটির সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা হোয়াইট হাউসের ব্রিফিংয়ে অংশ নিয়েছিলেন।
হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার লেভিটকে ঘনিষ্ঠ বন্ধু ও আদর্শ হিসেবে উল্লেখ করে বলেন, হোয়াইট হাউস ছাড়ার পরও তারা একসঙ্গে কাজ করবেন।