,

এসডিজির সঙ্গে সরকারের জননীতির মিল রয়েছে: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের মূলনীতি এবং বর্তমান সরকারের জননীতির মধ্যে সামঞ্জস্য রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসডিজি সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) বাস্তবায়নে সাফল্য দেখিয়েছে। একই ধারাবাহিকতায় এসডিজি অর্জনেও দেশ পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। এসডিজির ‘কাউকে পেছনে ফেলে নয়’ নীতির সঙ্গে সরকারের ‘সবার জন্য বাংলাদেশ’ নীতির মিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বিএনপির বিভিন্ন সময়ের পরিকল্পনা ও কর্মসূচির মধ্যেও জনগণের কল্যাণকে গুরুত্ব দেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফার সঙ্গে এমডিজি ও এসডিজির বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের সামঞ্জস্য রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময়ের শাসনামলে বাংলাদেশ ঋণ ও আমদানিনির্ভর একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছিল। এখন শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশসহ বিভিন্ন খাত পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। দেশ পুনর্গঠনের এই প্রক্রিয়ায় এসডিজির লক্ষ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, জনগণের সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার পাঁচ বছর মেয়াদি কৌশলগত অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে এসডিজির সমন্বয় ঘটিয়ে দারিদ্র্য হ্রাস, সামাজিক সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, জেন্ডার সমতা, জলবায়ু সহনশীলতা এবং সুশাসনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পাশাপাশি এসডিজি বাস্তবায়নের অগ্রগতি ধরে রাখতে সরকার ‘রিকভারি, রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ বা থ্রি-আর কৌশল নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এর মাধ্যমে তাৎক্ষণিক স্থিতিশীলতা থেকে দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ই-হেলথ কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে নারী, কৃষক, নিম্নআয়ের পরিবার ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্রীড়াবিদদের জন্য স্পোর্টস কার্ড এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানী ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার পর্যায়ক্রমে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তার আওতায় আনার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

এসডিজি বাস্তবায়নের স্থানীয় মডেল হিসেবে দেশের তিনটি গ্রামকে বেছে নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগরে পরীক্ষামূলকভাবে ‘এসডিজি ভিলেজ’ কার্যক্রম পরিচালনা করা হবে।

এসব এলাকায় ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ, স্কুল ড্রেস, মাদ্রাসাভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু ইমপ্লয়মেন্ট, ‘ওয়ান ভিলেজ-ওয়ান প্রোডাক্ট’, বৃক্ষরোপণ, খাল খনন ও ইকোট্যুরিজমসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ সফল হলে পরবর্তীতে দেশের অন্যান্য গ্রামেও একই মডেল সম্প্রসারণ করা সম্ভব হবে। তার মতে, ‘এসডিজি ভিলেজ’ সরকারের নির্বাচনী অঙ্গীকারকে আন্তর্জাতিকভাবে অনুসরণযোগ্য উন্নয়ন মডেলে পরিণত করতে পারে।

এসডিজি বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজ, গণমাধ্যম ও নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আগামী দিনের বাংলাদেশকে গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, সেখানে অবাধ নির্বাচন, আইনের শাসন, প্রাতিষ্ঠানিক জবাবদিহি, সর্বজনীন স্বাস্থ্য ও শিক্ষা এবং নাগরিক অধিকার নিশ্চিত করা হবে।

বক্তব্যের শেষে এসডিজি সম্মেলন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা বাতিল চান হাসনাত

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি, তথ্যকে ‘গুজব’ বললেন ছাত্রদল সভাপতি

শিক্ষক নিয়োগে ফিরছে ম্যানেজিং কমিটি

রাজধানীতে সন্ধ্যায় ভারী বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

নেপালের পাহাড়ে ‘শিকার’ নিয়ে অপু বিশ্বাস

রোনালদোর দেওয়া বাগদানের আংটি মেয়ের হাতে জর্জিনা

দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

জ্বালানি খাত মাফিয়াদের হাতে নয়, হুঁশিয়ারি এনসিপির

রিয়াদে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক