,

তসলিমার ফেরা নিয়ে বামপন্থীদের সমালোচনায় ক্ষুব্ধ লেখিকা

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৯ বছর পর ফেরার পর সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বিশেষ করে বামপন্থী মহলের সমালোচনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে সমালোচনাকারীদের উদ্দেশে একাধিক প্রশ্ন তুলেছেন তসলিমা।

সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে তার ফেরার বিষয়ে বামপন্থীদের আপত্তির মূল কারণ হলো তাকে ফিরিয়ে আনার উদ্যোগ তাদের পক্ষ থেকে না নেওয়া এবং রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো।

তসলিমা লেখেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু বামপন্থী তার কলকাতায় ফেরাকে কেন্দ্র করে সমালোচনা করছেন। অথচ বাংলাদেশি বামপন্থী তরুণ নেতা মেঘমল্লার বসুর পক্ষে তিনি আগে বহুবার লিখেছেন এবং তার ওপর মৌলবাদীদের হামলার প্রতিবাদও করেছেন। এমনকি তাকে ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছার কথাও জানিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

নিজের দীর্ঘদিনের প্রকাশক ও ঘনিষ্ঠজন প্রশান্ত রায় এবং সাবেক নকশাল নেতা হিসেবে পরিচিত ব্যক্তিসহ আরও কয়েকজনের সমালোচনার কথাও পোস্টে তুলে ধরেন তসলিমা। তাদের আচরণে বিস্ময় প্রকাশ করে তিনি প্রশ্ন করেন, হঠাৎ তার বিরুদ্ধে এত বিরূপ অবস্থানের কারণ কী।

কলকাতায় ফেরাকে নিজের অপরাধ হিসেবে দেখানোর সমালোচনা করে তসলিমা বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি সরকার তাকে স্বাগত জানিয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা দিয়েছে। পাশাপাশি কয়েকটি নাগরিক সংগঠনের উদ্যোগে তার ফেরার পথ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

তসলিমার ভাষ্য, যে কাজ বামপন্থীরা দীর্ঘ সময়ে করেননি, তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা সেটিই করেছে। এ কারণেই বিষয়টি বামপন্থীদের একাংশের কাছে অস্বস্তিকর হয়ে উঠেছে।

তিনি আরও দাবি করেন, বামফ্রন্ট সরকারের সময় তাকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর ১৯ বছর ধরে তাকে ফিরিয়ে আনার জন্য বামপন্থীদের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দেখা যায়নি। কোনো আন্দোলন, সভা, মিছিল বা আনুষ্ঠানিক দাবিও তোলা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তসলিমা বলেন, তাকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার উদ্যোগ কোনো বড় রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নয়, বরং ছোট কয়েকটি নাগরিক সংগঠনের মাধ্যমে হয়েছে। এর মধ্যে ‘সেক্যুলার মিশন’, ‘পশ্চিমবঙ্গের জন্য’ এবং ‘হিউম্যান রাইটস বিয়ন্ড ফ্রন্টিয়ার ফাউন্ডেশন’-এর নাম উল্লেখ করেন তিনি।

তার মতে, কোনো অনুষ্ঠানে বিজেপির নেতারা উপস্থিত থাকলেই সেটি বিজেপির রাজনৈতিক অনুষ্ঠান হয়ে যায় না। একইভাবে কোনো বামপন্থী ব্যক্তির সঙ্গে একই মঞ্চে থাকলেও কেউ বামপন্থী হয়ে যান না। আমন্ত্রণ গ্রহণ বা কোনো অনুষ্ঠানে অংশ নেওয়াকে রাজনৈতিক আনুগত্যের সঙ্গে মিলিয়ে দেখার সমালোচনা করেন তিনি।

তসলিমা দাবি করেন, তাকে স্বাগত জানানো অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক মতের মানুষ উপস্থিত ছিলেন। সেখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা থাকলেও বয়সজনিত কারণে তিনি যেতে পারেননি এবং ভিডিও বার্তা পাঠিয়েছেন। এ ছাড়া জয় গোস্বামীকেও তিনি মঞ্চে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে উল্লেখ করেন।

নিজের বক্তব্যের বিষয়বস্তু নিয়ে আলোচনা না করে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়কে সামনে এনে তার অবস্থান নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তসলিমা। তার মতে, এটি যুক্তির বদলে গোষ্ঠীগত রাজনীতির প্রকাশ।

ইসলামি মৌলবাদের সমালোচনা করায় বামপন্থীদের একটি অংশের বিরূপ আচরণের অভিযোগও তোলেন তিনি। তসলিমার দাবি, হিন্দু মৌলবাদের সমালোচনা করলে আপত্তি না থাকলেও ইসলামি মৌলবাদের বিরুদ্ধে কথা বললে তাদের একাংশ অস্বস্তিতে পড়েন। মুসলিম নাগরিকের অধিকার রক্ষা এবং ধর্মীয় মৌলবাদের সমর্থন এক বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

তসলিমা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা এবং একজন নির্বাসিত লেখকের নিজের শহরে ফেরার অধিকারের পক্ষে বামপন্থীদেরই আগে অবস্থান নেওয়া উচিত ছিল। তারা তা না করায় সেই জায়গা ডানপন্থীরা নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নিজেকে কোনো রাজনৈতিক দলের অনুসারী নন দাবি করে তসলিমা বলেন, কেউ তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করলে তিনি তাকে ধন্যবাদ জানাবেন, আবার অন্যায় করলে সমালোচনাও করবেন। বিজেপি সরকারের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো বা নিরাপত্তা দেওয়ার কারণে তার রাজনৈতিক আদর্শ পরিবর্তন হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

পোস্টের শেষ দিকে তসলিমা বলেন, তিনি মাথা নত করে পশ্চিমবঙ্গে ফেরেননি। কলকাতার মানুষের ভালোবাসাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ ও কলকাতা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়—এটি সাধারণ মানুষের। সেই মানুষের ভালোবাসায় তিনি ফিরেছেন এবং ভবিষ্যতেও সেখানে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা বাতিল চান হাসনাত

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি, তথ্যকে ‘গুজব’ বললেন ছাত্রদল সভাপতি

শিক্ষক নিয়োগে ফিরছে ম্যানেজিং কমিটি

রাজধানীতে সন্ধ্যায় ভারী বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

নেপালের পাহাড়ে ‘শিকার’ নিয়ে অপু বিশ্বাস

রোনালদোর দেওয়া বাগদানের আংটি মেয়ের হাতে জর্জিনা

দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

জ্বালানি খাত মাফিয়াদের হাতে নয়, হুঁশিয়ারি এনসিপির

রিয়াদে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক