‘আয়নাঘরে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল’
অনলাইন ডেস্ক : এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) বন্দী রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শনিবার ঢাকা সেনানিবাসে ডিজিএফআই সদরদপ্তরে থাকা জেআইসি সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে জেআইসি পরিদর্শন করা হয়েছে। এই গোপন বন্দিশালায় বিভিন্ন সময় মানুষকে আটক রেখে নির্যাতন করা হতো। বহু মানুষকে দীর্ঘ সময় সেখানে বন্দী রাখা হয়েছিল বলেও জানান তিনি।
আমিনুল ইসলামের দাবি, এক-এগারোর সময় তারেক রহমানকেও জেআইসির একটি কক্ষে এনে নির্যাতন করা হয়েছিল। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীসহ আরও অনেককে সেখানে বছরের পর বছর আটকে রাখার কথাও উল্লেখ করেন তিনি।
ভবিষ্যতে দেশে এমন কোনো গোপন বন্দিশালা বা টিএফআই-জেআইসি প্রতিষ্ঠা না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান চিফ প্রসিকিউটর। তার মতে, কোনো নাগরিক অপরাধ করলে তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে; তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অযথা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে ভিন্নমতের অনেক মানুষকে মাসের পর মাস কিংবা বছরের পর বছর এ ধরনের বন্দিশালায় আটকে রাখা হয়েছিল। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলছে এবং ভবিষ্যতে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
৫ আগস্টের পর বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট ও স্থাপনা পরিবর্তনের অভিযোগও করেন আমিনুল ইসলাম। এতে অনেক তথ্য-প্রমাণ নষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ ট্রাইব্যুনালের বিচারপতি ও প্রসিকিউশন দলের সদস্যরা জেআইসি পরিদর্শন করেন। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এই পরিদর্শন করা হয়।
এর আগে ১ আগস্ট রাজধানীর উত্তরায় র্যাব-১ সদরদপ্তরে থাকা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলও পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতি ও প্রসিকিউটররা। সেখানে ২৯টি কক্ষ ও সাতটি ডেথ সেল ঘুরে দেখেন তারা।











