,

রাজউক-রিহ্যাব ও ভবন মালিকদের যোগসাজশে অনিয়ম: চেয়ারম্যান

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীতে ভবন নির্মাণ ও অনুমোদনের ক্ষেত্রে একাধিক পক্ষের সমন্বিত অনিয়মের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তার ভাষ্য, রিহ্যাব, ভবন মালিক ও রাজউকের পরিদর্শকদের মধ্যে সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকিতে দেশ, আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাজউক চেয়ারম্যান বলেন, ভবন নির্মাণে কোনো অনিয়ম হলে শুধু রাজউককে দায়ী করা ঠিক নয়। ভবন মালিকের পাশাপাশি নকশা প্রণয়ন, নির্মাণ ও তদারকির সঙ্গে যুক্ত প্রকৌশলী-স্থপতিদেরও দায়িত্বশীল হতে হবে। বিভিন্ন পক্ষের সম্মিলিত কার্যক্রমের মধ্যেই অনেক ক্ষেত্রে অনিয়মের সুযোগ তৈরি হয়।

তিনি জানান, অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের পর কোনো রাজউক কর্মকর্তা নিয়মবহির্ভূতভাবে ছাড়পত্র দিলে তাকেও জবাবদিহির আওতায় আনা হবে। অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে কয়েকজনকে সাময়িক বরখাস্তসহ চাকরিসংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।

রিয়াজুল ইসলাম বলেন, রাজউকে প্রয়োজনীয় সংখ্যার তুলনায় বর্তমানে পরিদর্শকের সংখ্যা কমে গেছে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, কর্মকর্তাদের দায়িত্বশীল ও সততার সঙ্গে কাজ করতে উৎসাহিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ছয়তলা ভবনের অনুমোদন নিয়ে পরে নিয়ম ভেঙে সেটি ১০ তলা করার পর শুধু জরিমানা দিয়ে বৈধ করার ব্যবস্থা থাকা উচিত নয়। কারিগরি মূল্যায়ন ও প্রয়োজনীয় পরীক্ষা ছাড়া এ ধরনের ভবন অনুমোদন করা হলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে ভবনের নকশা, মাটির প্রকৃতি, নির্মাণকাজের মান, তদারকি এবং ভবন ব্যবহারের অনুমোদন—সব ক্ষেত্রেই নিয়ম মেনে চলার ওপর গুরুত্ব দেন রাজউক চেয়ারম্যান। একই সঙ্গে নকশা প্রণয়নকারী প্রকৌশলী ও স্থপতিদের নির্মাণকাজের বাস্তবায়ন ও তদারকিতেও দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

তার ভাষ্য, দীর্ঘদিনের অনিয়ম একদিনে দূর করা সম্ভব নয়। ধাপে ধাপে এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ভবন মালিকদের অনুমোদিত নকশা মেনে নির্মাণকাজ করার পাশাপাশি অনিয়মের তথ্য গণমাধ্যমে তুলে ধরার আহ্বানও জানান তিনি।

আলোচনায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মো. আব্দুর রাজ্জাক বলেন, ভবন নির্মাণের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করতে গণমাধ্যমকে নিয়মিত ভূমিকা রাখতে হবে। প্রকৌশলী ও তদারকি সংস্থার কর্মকর্তাদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে।

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, ভূমিকম্পের ঝুঁকি শুধু ভবনের নকশা বা নির্মাণমানের ওপর নির্ভর করে না; ভবনটি কোন ধরনের মাটির ওপর এবং কোথায় নির্মাণ করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। দুর্বল মাটি ও জলাভূমিতে অপরিকল্পিত আবাসন ঝুঁকি বাড়িয়ে দেয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, রাজধানীতে অনুমোদনের চেয়ে অতিরিক্ত তলা নির্মাণের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে। তার মতে, ঢাকার বিপুলসংখ্যক ভবনের মধ্যে ঝুঁকিপূর্ণগুলো শনাক্ত করা জরুরি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সালেহ উদ্দিন বলেন, ভূমিকম্প মোকাবিলায় একক কোনো সংস্থার পক্ষে কার্যকর প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ঢাকার আশপাশের ৪১টি ফায়ার স্টেশনকে এয়ারমার্ক করা হয়েছে এবং বিশেষ রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ভূমিকম্পে প্রাণহানির বড় কারণ ভবন ও স্থাপনা ধসে পড়া। তাই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ও সংশ্লিষ্ট আইন মেনে ভবন নির্মাণের পাশাপাশি ফায়ার সেফটি নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে ডুরার সভাপতি শাহজাহান মোল্লা ভূমিকম্পের ঝুঁকি নিয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী হাসান আনসারী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সঞ্চালনা করেন ডুরার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

আরশের সঙ্গে দূরত্বের কারণ জানালেন তিশা

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১৫,৭১২ জনের

জেআইসিতে তারেক রহমানকে নির্যাতনের তথ্য পেয়েছে তদন্ত: চিফ প্রসিকিউটর

রোববার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে

আইইডির নেপথ্যে কারা, বিদেশি অর্থের যোগসূত্র খুঁজছে গোয়েন্দারা

ঢাকায় সকাল থেকেই বৃষ্টি, থাকতে পারে দিনভর

আগস্টে মিলতে পারে টানা ৪ দিনের ছুটি

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ২ লাখ ৩৪ হাজার

৬৯ হাজার ৫০০ অভিবাসীকে মরক্কোতে ফেরত পাঠাল স্পেন

জ্বালানি-বিদ্যুৎ খাতে নাশকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

জুলাই জাদুঘরে দলীয় নয়, জাতীয় ইতিহাস চান নাহিদ ইসলাম

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট ঘিরে ডারউইন-ম্যাকে মাঠ প্রস্তুত