অনলাইন ডেস্ক : দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। প্রতি ভরি হিসেবে ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।
এর আগে শুক্রবার সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল।