,

সেপ্টেম্বরে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ

news-image

অনলাইন ডেস্ক : দেশের প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছে সরকার।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এর আওতায় আনা হবে। ছেলে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক এবং মেয়েদের অংশগ্রহণ থাকবে ঐচ্ছিক।

মাহদী আমিন জানান, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিযোগিতা শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা, বিভাগ এবং শেষে জাতীয় পর্যায়ে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি এবং শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় সহযোগিতা করবে। খেলার মাঠ প্রস্তুত করা, স্থানীয় প্রশাসনের সমন্বয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, এর আগে ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাইমারি স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। সেই আয়োজনের আদলেই এবার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

মাহদী আমিন আরও জানান, প্রতিযোগিতাটি ৩০ অক্টোবরের মধ্যে শেষ করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয়ে একটি বড় জাতীয় আয়োজন হিসেবে এটি বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে।

এ জাতীয় আরও খবর