,

কাদেরসহ ৭ নেতার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৪ আগস্ট দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। তারা সবাই বর্তমানে পলাতক।

এদিন ২৭তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত ডিফেন্স আইনজীবীরা। জেরা শেষে আদালত যুক্তিতর্কের জন্য আগামী ৪ আগস্ট তারিখ ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, প্রসিকিউটর মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা। এর আগে গত ২৬ জুলাই সাংবাদিক আশরাফ কায়সার সাক্ষ্য দেন। পরে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে তদন্ত কর্মকর্তারও পুনরায় জবানবন্দি গ্রহণ করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, জুলাই-আগস্টের আন্দোলন দমনে আসামিরা নির্দেশনা, উসকানিমূলক বক্তব্য এবং সহিংসতার পরিকল্পনায় ভূমিকা রাখেন। তাদের কর্মকাণ্ডের ফলে সংঘটিত হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।