গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান
অনলাইন ডেস্ক : দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের প্রধানমন্ত্রীর ফোনালাপে এলএনজি সরবরাহ, কারিগরি সহায়তা এবং সংকট উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, সংকটের গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান। পরে শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন কুয়ালালামপুরে গিয়ে চিঠিটি হস্তান্তর করেন।
তিনি বলেন, বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়। এ সময় বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
অনিন্দ্য ইসলাম অমিত জানান, আনোয়ার ইব্রাহিম দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এলএনজি আমদানি, কারিগরি অভিজ্ঞতা বিনিময় কিংবা বিকল্প কোনো সহযোগিতার সুযোগ নিয়েও কাজ করা হচ্ছে।
এদিকে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে সহযোগিতা কামনা করেন। বিশেষ করে স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়িচালকসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে জাপানের সহযোগিতা চাওয়া হয়।
এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতো আরও শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহ দেখালে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী।
অন্যদিকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের উন্নয়নে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে গবেষণা ও উদ্ভাবনকে গুরুত্ব দিচ্ছে সরকার।
সভায় জানানো হয়, দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব চিকিৎসা সরঞ্জাম প্রয়োজনীয় পরীক্ষা ও অনুমোদন শেষে দেশের হাসপাতালগুলোতে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সুযোগ তৈরি হতে পারে।
এদিকে দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি বলেন, শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











