হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান
বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে তাদের পারস্পরিক প্রশংসা কিংবা সহমর্মিতার ছবি দেখে ভক্তদের মনে হতেই পারে পাকিস্তানি বিনোদন জগতের শীর্ষ তারকাদের বুঝি প্রগাঢ় বন্ধুত্ব! তবে সেই ধারণায় এবার নিজেই জল ঢেলে দিলেন বিশ্বমঞ্চে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। তিনি জানান, শিল্পীদের মধ্যে সুসম্পর্ক থাকলেও পর্দার পেছনের বাস্তব চিত্রটি পুরোপুরি ভিন্ন।
সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে এক ইভেন্টে আয়োজিত গাজায় মানবতাবাদী ত্রাণ তহবিলের এক চ্যারিটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহিরা। ব্রিটিশ-পাকিস্তানি ভক্তদের সঙ্গে মতবিনিময়ের একপর্যায়ে তাকে প্রশ্ন করা হয় পরবর্তী প্রজেক্টে সাজাল আলি, হানিয়া আমির ও ইকরা আজিজের মধ্যে কার সঙ্গে কাজ করতে চান তিনি?
প্রশ্নটি শুনেই জবাব দেওয়ার আগে বিষয়টি পরিষ্কার করে নেন মাহিরা। তিনি বলেন, ‘আমি তাদের সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আছি, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কারো সাথেই আমার বন্ধুত্ব নেই।’
অভিনেত্রী ব্যাখ্যা দিয়ে জানান, যার যার ব্যস্ত সূচির কারণে নিয়মিত দেখা-সাক্ষাৎ বা আড্ডা দেওয়ার সুযোগ একেবারেই হয়ে ওঠে না। তবে সহকর্মীদের সঙ্গে কোনো ধরনের রেষারেষি বা তিক্ততার কথা নাকচ করে দেন তিনি। ইন্ডাস্ট্রিভিত্তিক শত্রুতার গুঞ্জন উড়িয়ে দিয়ে মাহিরা জোর দিয়ে বলেন, তাদের মাঝে কোনো বৈরিতা নেই।
এমনকি সহশিল্পী সাজাল আলির প্রশংসায় পঞ্চমুখ হয়ে মাহিরা মন্তব্য করেন, যদি ভবিষ্যতে কোনো সিনেমায় তারা দুজন একসাথে অভিনয় করার সুযোগ পান, তবে তা পাকিস্তানি চলচ্চিত্রের ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে সর্বোচ্চ আয়কারী সিনেমা হতে পারে।
লন্ডনের সেই অনুষ্ঠানে দেওয়া মাহিরার এমন স্পষ্ট ও খোলামেলা মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনুরাগীরা তার এই সততার প্রশংসা করার পাশাপাশি ভবিষ্যতে বিশেষ করে সাজালের সঙ্গে পর্দায় তাকে দেখার প্রত্যাশা ব্যক্ত করছেন।
উল্লেখ্য, কাজের জায়গায় মাহিরা খানকে সবশেষ দেখা গেছে ‘লাভ গুরু’, ‘নিলোফার’ ও ‘আগ লাগে বস্তি মে’ প্রজেক্টে। এছাড়া ‘রাজিয়া’, ‘হাম কাহান কে সাচে থে’, ‘এক হ্যায় নিগার’, ‘সাদকে তুমহারে’, ‘বিন রায়’ এবং ‘কায়েদ-ই-আজম জিন্দাবাদ’-এর মতো তুমুল জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। খুব শিগগিরই তাকে ওয়াহাজ আলির বিপরীতে নতুন ড্রামা সিরিজ ‘মিত্টি দে বাওয়ে’-তে দেখা যাবে।











