অনলাইন ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ জুলাই) নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এ বাজেট উপস্থাপন করেন।
সভায় জানানো হয়, নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। এর বিপরীতে মোট ব্যয়ের প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।
বাজেটে আয়ের খাত হিসেবে প্রারম্ভিক স্থিতি থেকে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, সাধারণ তহবিলের রাজস্ব আয় থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাত থেকে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ব্যয়ের মধ্যে সাধারণ তহবিলের রাজস্ব খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানের উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বাজেট অনুযায়ী অর্থবছর শেষে সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।
এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও সভায় উপস্থাপন করা হয়। এতে মোট আয় ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা ধরা হয়েছে।
বাজেট প্রণয়নে নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানানো হয়।
সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, এবারের বাজেট জনকল্যাণকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। নগরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মশক নিধন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট সভায় সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা তিনজিলা খানম, সচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।