বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

news-image

অনলাইন ডেস্ক : ২০২৬ সালের ৪৮ দলের বিশ্বকাপ সফলভাবে শেষ হওয়ার পর ভবিষ্যতে আরও বড় পরিসরের ফুটবল বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ৬৪ দলের পাশাপাশি ১২৮ দলের বিশ্বকাপ আয়োজনের ধারণাও সামনে এসেছে।

২০২৬ বিশ্বকাপ ঘিরে টিকিটের দাম, দীর্ঘ ভ্রমণ, দল সংখ্যা বাড়ায় প্রতিযোগিতার মান কমে যাওয়ার আশঙ্কা, ভিসা জটিলতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা থাকলেও টুর্নামেন্ট শেষে এসব অনেকটাই পেছনে পড়ে গেছে। সফল আয়োজন, দর্শক আগ্রহ ও আর্থিক সাফল্যের কারণে ফিফার ভবিষ্যৎ পরিকল্পনায় আরও বড় আসরের সম্ভাবনা নিয়ে ভাবনা তৈরি হয়েছে।

ফুটবল বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ৪৮ দলের বিশ্বকাপ যদি সফলভাবে পরিচালনা করা যায়, তাহলে ভবিষ্যতে দল সংখ্যা আরও বাড়ানো অসম্ভব নয়। তবে অনেকে আশঙ্কা করছেন, অংশগ্রহণকারী দল বাড়লে প্রতিযোগিতার মান কমে যেতে পারে। অন্যদিকে সমর্থকদের একটি অংশের যুক্তি, আধুনিক ফুটবলে দর্শক, সম্প্রচার স্বত্ব ও বাণিজ্যিক দিকও গুরুত্বপূর্ণ।

১২৮ দলের বিশ্বকাপের যে পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে আটটি স্বাগতিক দেশে আলাদা আলাদা পর্বে ১৬টি করে দল খেলানোর প্রস্তাব রয়েছে। প্রতিটি পর্ব থেকে দুটি করে দল পরবর্তী ধাপে উঠবে। এরপর শেষ ১৬ দলকে নিয়ে একটি দেশে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।

চূড়ান্ত পর্বে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করে খেলা শেষে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের মাধ্যমে বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।

বড় পরিসরের এই আয়োজন প্রথমে কঠিন মনে হলেও এর সময়সূচি খুব বেশি দীর্ঘ হবে না বলে মত দেওয়া হয়েছে। ২০২৬ বিশ্বকাপ ৩৯ দিনে শেষ হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়ন হলে কয়েকটি ধাপ মিলিয়ে প্রায় ৪১ দিনের মধ্যেই টুর্নামেন্ট শেষ করা সম্ভব হতে পারে।

তবে মূল পর্বে যাওয়ার জন্য বাছাইপর্ব আগের নিয়মেই থাকতে পারে। স্বাগতিক দেশগুলো সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেলেও অন্য দলগুলোকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে।

এই পরিকল্পনার সমর্থকদের মতে, দল বাড়লে ইতালি মতো শক্তিশালী দলের বাদ পড়ার ঝুঁকি কমবে। একই সঙ্গে চীন ও ভারতের মতো বড় বাজারের দেশগুলোর অংশগ্রহণের সুযোগ বাড়বে। পাশাপাশি বিভিন্ন দেশ তুলনামূলক কম খরচে বিশ্বকাপের একটি পর্ব আয়োজনের সুযোগ পেতে পারে।

তাদের ধারণা, বড় পরিসরের বিশ্বকাপ হলে সম্প্রচার স্বত্ব ও বাণিজ্যিক আয় আরও বাড়তে পারে। ফুটবলের বৈশ্বিক জনপ্রিয়তা বিবেচনায় ভবিষ্যতে ১২৮ দলের বিশ্বকাপ বাস্তবায়ন হলেও তা অবাক করার মতো হবে না বলে মনে করছেন অনেকে।

এ জাতীয় আরও খবর

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

৫০ প্রশাসন ক্যাডার কর্মকর্তা হচ্ছেন এসিল্যান্ড